BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩০
আজকের সর্বশেষ সবখবর

ই-পাসপোর্ট জটিলতায় স্পেনে ৬শত প্রবাসীর বৈধ হওয়া অনিশ্চিত!


নভেম্বর ২৭, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

কবির আল মাহমুদ স্পেন : স্পেনে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু না হওয়ায় ৬শতাধিক প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ সমস্যা সমাধানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সঙ্গে এক মতবিনিময় সভা করছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার উদ্যোগে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে দেশটির রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা, দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু, বয়সের গড়মিল, রি-ইস্যু পাসপোর্ট প্রবাসীরা দ্রুত পায় এবং যাদের বয়সের গড়মিল রয়েছে সকলকে সংশোধনের সুযোগ দেওয়ার দাবি জানান।

বিশেষ করে তথ্য সংশোধন জটিলতায় পাসপোর্ট না পাওয়ার বিষয়টি তারা রাষ্ট্রদূতের কাছে ব্যক্ত করেন এবং ই-পাসপোর্ট নবায়ন না হওয়ায় ৬শত প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ অনিশ্চিতসহ পাসপোর্ট না পাওয়ায় সৃষ্ট অভিবাসন জটিলতা তুলে ধরেন। পাসপোর্ট দেওয়াকে কেন্দ্র করে দেশে একটি সংঘবদ্ধ ও সক্রিয় দালালচক্রের প্রতারণার কথাও ভুক্তভোগী প্রবাসীরা রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং তা প্রতিকারের লক্ষ্যে পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এসময় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার কথা দূতাবাস নিয়মিতভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে অবহিত করে। রাষ্ট্রদূত তাদের ভোগান্তির কথা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পুনরায় তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

স্পেনে বাংলাদেশ দূতাবাসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করে প্রবাসবান্ধব সরকারের সুফল সাধারণ প্রবাসীদের মাঝে পৌঁছে দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে বলেও রাষ্ট্রদূত প্রবাসীদের আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের নানান ইতিবাচক উদ্যোগের প্রশংসার পাশাপাশি কয়েকটি নীতিবাচক কর্মকাণ্ডের সমালোচনাও করেন।

সভায় দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রথম কউন্সিলর (শ্রম)মুতাসিমুল ইসলাম, পলিটিক্যাল কাউন্সিলর দীন মোহাম্মদ ইমাদুল হকসহ দূতাবাসের সকল কর্মকর্তার পাশাপাশি স্পেনের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।