বিডিসিলেট প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস খাদে পড়ে চাচা ও ভাতিজি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে উপজেলার নোয়াগাঁও এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আফরাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন, দিরাই উপজেলার আলী নগর গ্রামের আঞ্জব আলীর ছেলে টিপু মিয়া (৩৫) এবং তার ভাই ভাই শমসের আলীর মেয়ে রূপা বেগম (১০)।
এসআই আফরাজুল ইসলাম বলেন, বাসটি সিলেট থেকে দিরাই উপজেলায় যাচ্ছিল। নোয়াগাঁও গ্রামের সামনে ভাঙা সড়ক এড়িয়ে পাশের সাইড দিয়ে আসার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উত্তর পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই যাত্রী টিপু ও তার ভাতিজি রূপা নিহত হন।
এ সময় আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে কৈতক, সিলেটসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠায়।
এসআই আফরাজুল আরও বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
