BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫২
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর ২৫ লাখ টাকা ছিনতাই: ‘টাকার ব্যাগ দে নইলে গুলি করে দেব’


অক্টোবর ২৮, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসে হাড়ভাঙা পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে দেশে জমি কেনার স্বপ্ন দেখেছিলেন এক প্রবাসী। সেই স্বপ্নপূরণে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের রাজচন্দ্রপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। প্রবাসী ও তার স্ত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। টাকাগুলো স্ত্রীর কাছে ছিল। ছিনতাইকারীদের একজন টাকার ব্যাগ ধরে বলে, ’ব্যাগ দে নইলে গুলি করে দেব।’

জানা যায়, ছিনতাইকারীরা ছয়জন ছিল। টাকা ছাড়াও তারা কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগকারী শামসুন নাহার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকার ইসমাইল সওদাগরের বাড়ির বাসিন্দা। তার স্বামীর নাম মোহাম্মদ আফজাল।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জমি কেনাবেচা ও রেজিস্ট্রির কাজে রাউজান সাবরেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন তাদের গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ২৫ লাখ টাকা ও কয়েকটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী তাজুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা তাদের গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের একজন টাকার ব্যাগ ধরে বলে, ‘ব্যাগ দে নইলে গুলি করে দেব।’ এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রবাসীর কষ্টার্জিত টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।