BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৬


অক্টোবর ৫, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রবিবার (৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীত পাশে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিন-চারজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল রাতে দায়িত্ব পালন করছিল।

রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন মহাসড়কে ৯-১০ জনের একটি সশস্ত্র দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৩ ইঞ্চি লম্বা একটি তালা কাটার, ২৮ ইঞ্চি লম্বা দুটি রামদা, একটি দা, একটি ছুরি, তিনটি লোহার রড, একটি সেলাই রেঞ্জ ও একটি প্লাস উদ্ধার করা হয়।এ ছাড়া তাদের ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রসহ সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে ডাকাতি, ছিনতাই, মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।