BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০১
আজকের সর্বশেষ সবখবর

মোটা ও বড় কলায় কি সত্যিই উপকার বেশি?


আগস্ট ৩১, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

কলা আমাদের অতি পরিচিত ফল। ক্ষুধা মেটানো, নাশতা কিংবা ব্যায়ামের পর দ্রুত শক্তি পেতে অনেকেরই পছন্দের খাবার এটি। বাজারে ছোট-বড় নানা আকারের কলা দেখে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কোনটি বেশি উপকারী?

অনেকের ধারণা, মোটা ও বড় কলাতেই পুষ্টি বেশি। বড় কলা মানেই বেশি ক্যালরি, বেশি শক্তি, বেশি পটাশিয়াম এবং বেশি উপকার। কিন্তু এই ধারণা পুরোপুরি ঠিক নয়।

পুষ্টিবিদদের মতে, শুধু আকার দেখে কোনো কলাকে বেশি পুষ্টিকর বলা যায় না। একটি বড় কলায় শাঁসের পরিমাণ বেশি হওয়ায় পুরো ফল হিসেবে এতে ক্যালরি ও পুষ্টি উপাদান বেশি থাকতে পারে। কিন্তু সমপরিমাণ কলা তুলনা করলে আকারের পার্থ্যের কারণে পুষ্টিগুণে বড় ধরনের পার্থক্য থাকে না।

বড় কলায় পুষ্টি বেশি, তবে কেন?

বড় কলায় ছোট কলার তুলনায় শাঁস বেশি। ফলে একটি বড় কলা খেলে ছোট একটি কলার চেয়ে বেশি কার্বোহাইড্রেট, ক্যালরি, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া স্বাভাবিক।

অর্থাৎ, বড় কলায় মোট পুষ্টির পরিমাণ বেশি হতে পারে, কিন্তু এর কারণ মূলত ফলের পরিমাণ বেশি। আকার বড় বলেই প্রতি ১০০ গ্রামে পুষ্টিমান বেশি হবে, এমন নিশ্চয়তা নেই।

কোন জাতের কলা, কতটা পাকা এবং প্রতি ১০০ গ্রামে এতে কী পরিমাণ পুষ্টি রয়েছে, সেটিই তুলনার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।

কলায় কী আছে?

কলা কার্বোহাইড্রেটের ভালো উৎস। এতে পটাশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি ও খাদ্য আঁশ রয়েছে। দ্রুত শক্তির প্রয়োজন হলে এটি সহজ ও সুবিধাজনক একটি খাবার।

বিশেষ করে হাঁটা, দৌড়ানো কিংবা নিয়মিত শরীরচর্চা করেন এমন মানুষের জন্য কলা দ্রুত খাওয়া যায় এমন শক্তিদায়ক খাবার হিসেবে কাজে আসতে পারে।

বেশি পাকা কলা কি কম উপকারী?

কলা পাকতে থাকলে এর স্টার্চের একটি অংশ বিভিন্ন শর্করায় ভেঙে যায়। ফলে পাকা কলা কাঁচা বা কম পাকা কলার তুলনায় বেশি মিষ্টি এবং তুলনামূলক সহজপাচ্য হয়।

অন্যদিকে, কম পাকা কলায় রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসেবে কাজ করতে পারে এবং খাদ্য আঁশের মতো কিছু ভূমিকা রাখে।

তবে এ কারণে পাকা কলাকে অস্বাস্থ্যকর ভাবার কারণ নেই। সুস্থ মানুষের সুষম খাদ্যতালিকায় পাকা কলাও থাকতে পারে।

গবেষণা কী বলছে?

বড় কলা বেশি পুষ্টিকর, এমন প্রচলিত ধারণার পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং গবেষণায় দেখা গেছে, কলার আকারের চেয়ে জাত, পরিপক্বতা এবং প্রতি ১০০ গ্রামে পুষ্টিমান বেশি গুরুত্বপূর্ণ।

২০২১ সালে প্লস ওয়ানে প্রকাশিত এক গবেষণায় একই জাতের মাঝারি ও অনেক বড় আকারের কলা তুলনা করা হয়। এতে দেখা যায়, বড় কলায় সব পুষ্টি উপাদান বেশি নয়। উদাহরণ হিসেবে, প্রতি ১০০ গ্রামে ডায়েটারি ফাইবারের পরিমাণ মাঝারি আকারের কলায় ছিল ১.২৩ গ্রাম, যেখানে অনেক বড় কলায় ছিল ০.৮৮ গ্রাম।

গবেষণার তথ্য বলছে, বড় কলায় পুরো ফল হিসেবে মোট ক্যালরি ও পুষ্টির পরিমাণ বেশি হতে পারে। কারণ, ফলটির পরিমাণই বেশি। কিন্তু আকার বড় হলেই প্রতি ১০০ গ্রামে পুষ্টিমান বেশি হবে, এমনটি নয়।

২০২৫ সালের আরেক গবেষণায় ১৩টি কলার জাত বিশ্লেষণ করে কার্বোহাইড্রেট, ফেনলিক কম্পাউন্ড, ফ্ল্যাভনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতায় উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়। অর্থাৎ কলার আকারের চেয়ে জাতভেদে পুষ্টিগুণের পার্থক্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, কলা পাকলে স্টার্চ ভেঙে বিভিন্ন ধরনের শর্করায় পরিণত হয়। এ কারণেই পাকা কলা বেশি মিষ্টি হয়, আর কাঁচা বা কম পাকা কলায় রেজিস্ট্যান্ট স্টার্চ বেশি থাকে।

তাহলে কোন কলা খাবেন?

বেশি শারীরিক পরিশ্রম করলে: বড় কলা থেকে তুলনামূলক বেশি ক্যালরি ও কার্বোহাইড্রেট পাওয়া যেতে পারে।

ক্যালরি নিয়ন্ত্রণ করলে: ছোট কলা পরিমাণ নিয়ন্ত্রণের জন্য সুবিধাজনক।

দ্রুত শক্তি প্রয়োজন হলে: পাকা কলা সহজ একটি বিকল্প।

খাদ্য তালিকায় বৈচিত্র্য চাইলে: অন্য ফলের পাশাপাশি পরিমাণমতো কলাও রাখা যায়।

বাজারে বড় ও মোটা কলা দেখেই সেটিকে বেশি পুষ্টিকর ধরে নেওয়ার কারণ নেই। বড় কলা মানেই বেশি পুষ্টি নয়। পুরো ফল হিসেবে বড় কলায় মোট পুষ্টি বেশি থাকতে পারে, কিন্তু প্রতি ১০০ গ্রামে পুষ্টিমান বেশি হবে এমন নয়। তাই কলা কেনার সময় শুধু আকার নয়, জাত, পরিপক্বতা, স্বাদ এবং নিজের খাদ্যচাহিদা বিবেচনা করাই বেশি যুক্তিসংগত

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।