BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

১৪ বছর আগে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন কারাদণ্ড


আগস্ট ১১, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১৪ বছর আগে শাশুড়িকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাঁকন দে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান।

দণ্ড পাওয়া মো. আব্দুল কাদির মিয়া (৫০) উপজেলার টেকারঘাট গ্রামের প্রয়াত রেজ্জাক মিয়ার ছেলে।

মামলার বরাতে স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান বলেন, কাদির মিয়ার স্ত্রী বীনা সরকার বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুর বাড়িতে রান্না ঘর থেকে দা দিয়ে হাজেরা খাতুন ওরফে মুল্লুক চানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন কাদির।

এ ঘটনায় হাজেরা খাতুনের ছেলে মো. মনির সরকার বাদী হয়ে কাদির মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৮ মে আদালতে অভিযোগপত্র প্রদান করেন।

১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান আদালতের এই কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. আফজাল হোসেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এ ধরনের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে রাষ্ট্রপক্ষ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।