সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা ও বৌলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ড্রেজার মেশিন ও একটি বারকি নৌকা জব্দ করে।
এসময় এর সাথে জড়িত তিনজনকে আটক করে কারাদণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের একটি চৌকস দল।
খোঁজ নিয়ে জানা গেছে,যাদুকাটা ও বৌলাই নদীতে বালু খেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে যাদুকাটা ও বৌলাই নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মোবাইল কোর্ট। অভিযান কালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩ জনকে ড্রেজার মেশিন ও নৌকাসহ আটক করে থানা পুলিশের জিম্মায় প্রদান করা হয়েছে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী দোষী সাব্যস্ত করে আটককৃতদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকারি সম্পদ নষ্ট করে অবৈধ বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেয়া হবে না। ভবিষ্যতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
