বিপুল আড়ম্বর, বিতর্ক আর রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে হোয়াইট হাউসে নিজের ৮০তম জন্মদিন উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার ইতিহাসে এই প্রথম হোয়াইট হাউসের লনে আয়োজন করা হলো মিক্সড মার্শাল আর্টস বা খাঁচার ভেতরের রক্তক্ষয়ী লড়াইয়ের এক জমকালো প্রদর্শনী। চার হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে এই আয়োজনকে ঘিরে পুরো ওয়াশিংটনে ছিল টানটান উত্তেজনা।
তবে এই উৎসবের পেছনে বড় রাজনৈতিক ও কূটনৈতিক সংকটও আড়াল করা যাচ্ছে না। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। অন্যদিকে মাত্র এক মাইল দূরে আইনি জটিলতায় কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হয়েছে। সমালোচকেরা এই আয়োজনকে প্রাচীন রোমের ‘রুটি ও সার্কাস’ (জনগণের অসন্তোষ ঢাকতে বিনোদনের ব্যবস্থা) নীতির সঙ্গে তুলনা করে একে রাজনৈতিক দিক পরিবর্তনের কৌশল বলে মনে করছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ট্রাম্পের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে সম্প্রতি জনমনে প্রশ্ন উঠলেও, তার চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেন।
ফ্লাগ ডে এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকীর অংশ হিসেবে এই উৎসবের দাবি করা হলেও পুরো আয়োজনটি মূলত ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক এবং তার পারিবারিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসার প্রচারণায় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র: এপি
