BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৬
আজকের সর্বশেষ সবখবর

যমুনা সেতুর পূর্বপ্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫


মে ২৫, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার ভোরে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার (টাঙ্গাইল) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ভোর ৫টার দিকে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কে উল্টে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এস এম হুমায়ুন কারনায়েক বলেন, সড়কে রডবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ১৫ জনের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫), নওগাঁর নেয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫), নওগাঁর মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. বারি (২১) ও একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২)।

এ ঘটনায় আহতরা হলেন-নওগাঁর মান্দা উপজেলার মজিবরের ছেলে বাবু (৩৫), একই উপজেলার আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান (৩৫), নাটোরের মৃত মান্নানের ছেলে নয়ন বিশ্বাস (৩২), দশপাড়া গ্রামের নজরুলের ছেলে তুহিন, নওগাঁর মান্দা উপজেলার সফেদ আলীর ছেলে আলমগীর (৪০), একই উপজেলার ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী (৪০), মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ (২৬), শহিদুলের ছেলে সমেজ।

আহত তরিকুল ইসলাম বলেন, তারা চারজন রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য দুপুড় দেড়টার দিকে চট্টগ্রামের অলংকার মোড়ে দাঁড়িয়েছিলেন। চট্টগ্রামে দৈনিক ভিত্তিতে তারা শ্রমিকের কাজ করেন। ঈদ উপলক্ষে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করে তারা বাড়ি ফিরছিলেন। দুপুড় দুইটার সময় তারা চারজনে দুই হাজার তিনশত টাকা মিটিয়ে ট্রাকে উঠেন। ট্রাকে লোহার এঙ্গেল বার ছিল। তার উপরে ত্রিপল বিছানো ছিল। ট্রাকটি বিকাল সাড়ে ৫টা সময় ফেনি এসে পৌঁছায়। এসময় সেখান থেকে আরও ২২জন মানুষ উঠায়। আবার ঢাকা থেকেও আরো চারজন ট্রাকে উঠে। সবাই গাদাগাদি করে এঙ্গেল বারের উপরে বসা ছিলাম। ঢাকা পার হওয়ার পর আমরা ঘুমিয়ে পড়ি। ট্রাকটি কখন উল্টে যায় বুঝতে পারিনি। পরে দেখি আমি হাসপাতালে।

নওগাঁর মান্দা থানার আব্দুল রহমান বলেন, তারা ১৮ জন নোয়াখালী জেলার বেগমগঞ্জে লেস-ফিতা, শিশুদের খেলনা কানের দুলসহ নানা জিনিসপত্র ফেরি করে বিক্রি করেন। প্রায় দুইমাস আগে তারা বাড়ি থেকে বেগমগঞ্জ এসে ব্যবসা করে পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ি ফিরছিলেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার সময় তার ফেনী থেকে প্রতিজনে ৩৫০ টাকা ভাড়া মিটিয়ে ট্রাকে উঠেন। ফেনী থেকে ট্রাক আসার সময় ট্রাক চালক রাস্তায় তিনবার গাড়ি থামান। আমরা নেমে চা বিস্কুট খাই। গাজিপুর আসার পর ঘুমের ভাব হচ্ছিল। ভোরে টাঙ্গাইল ছাড়ার পর অনেকেই ঘুমিয়ে পড়ে। এলেঙ্গা পাড় হওয়ার কিছুক্ষন পর কিছু বুঝে উঠার আগেই ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। আমি ছিটকে পড়ি। যারা ঘুমিয়ে ছিল তারা অনেকেই রডের নিচে পরে যায়। পরে পুলিশ ও লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে এনে আমাকে ভর্তি করে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া মুমুর্ষু অবস্থায় আরও ৪ জনকে আনা হয়। তারা বর্তমানে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।