BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৮
আজকের সর্বশেষ সবখবর

কোরবানিতে যে চার ধরনের পশু নিষিদ্ধ করেছেন রাসুল (সা.)


মে ১৯, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহায় মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন। তবে ইসলামি শরিয়তে কোরবানির পশুর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত ও বিধান রয়েছে। হাদিসে এমন কিছু ত্রুটিযুক্ত পশুর কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়।

সাহাবি বারা ইবনে আজিব বর্ণনা করেন, মুহাম্মদ (সা.) বলেছেন চার ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় না। সেগুলো হলো

যে পশুর এক চোখ স্পষ্টভাবে অন্ধ, যে পশু মারাত্মক রোগাক্রান্ত, যে পশু স্পষ্ট খোঁড়া বা পঙ্গু, যে পশু এত বেশি দুর্বল ও শীর্ণ যে তার হাড়ে মজ্জা নেই। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৯১৯)

এছাড়া সাহাবি আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত হাদিসে এসেছে, মুহাম্মদ (সা.) কোরবানির পশুর চোখ ও কান ভালোভাবে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। তিনি এমন পশু কোরবানি করতে নিষেধ করেছেন, যার কানের অগ্রভাগ বা পশ্চাদভাগ কাটা, কান ফাটা কিংবা কানে ছিদ্র রয়েছে। (সুনানে আবু দাউদ: ২/৩৮৮)

আরেক বর্ণনায় তিনি বলেন, শিং ভাঙা বা কান কাটা পশু দিয়েও কোরবানি করতে নিষেধ করা হয়েছে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৭)

ইসলামি বিধান অনুযায়ী, কোরবানির পশু হতে হবে সুস্থ, সবল ও দোষত্রুটিমুক্ত। তাই কোরবানির পশু কেনার সময় ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে শরিয়তসম্মত পশু নির্বাচন করার পরামর্শ দিয়েছেন আলেমরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।