BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৬
আজকের সর্বশেষ সবখবর

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার


মে ১৪, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার হয়।

নিহতরা হলেন- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বন্দারাজারপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল মজিদের ৫ ছেলের মধ্যে চারজন ওমান থাকেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামীকাল শুক্রবার তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল, এতে তাদের মৃত্যু হয়েছে।

লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল কিন্তু ফিরছেন লাশ হয়ে। তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চালছে।

রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর বলেন, একই পরিবারের ৪ ভাই প্রবাসে নিহতের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ওমান থেকে তাদের লাশ দেশে আনার কাজ হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো জহির উদ্দিন বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ ভাই নিহতের বিষয়টি তাদের পরিবার থেকে পুলিশকে জানানো হয়। পরে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।