BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৩
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা


মে ২, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

তিনি জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার ১৯ মিনিট পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলেও তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় আইন অনুযায়ী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গেজেট প্রকাশ করে ইসি। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন ও স্বতন্ত্র ১ জন।

এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে। আইনি জটিলতা থাকায় বাকি একটি আসনের প্রার্থিতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।