BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩০
আজকের সর্বশেষ সবখবর

বাটলারের ১৪ হাজার ও ফিফটির সেঞ্চুরি


এপ্রিল ১৩, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন আবার শুরু করলেন জস বাটলার। ইংলিশ ব্যাটসম্যান করলেন টানা দ্বিতীয় ফিফটি, গড়লেন দুটি কীর্তি।

আইপিএলে রোববার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ৩৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন বাটলার। গুজরাট টাইটান্সের হয়ে তার ইনিংসটি গড়া ১১টি চারে।

এই ইনিংসের পথে ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাটলার। এজন্য তার লাগল ৪৬৮ ইনিংস। তার চেয়ে কম ইনিংসে মাইলফলকটি ছুঁতে পেরেছেন কেবল ডেভিড ওয়ার্নার (৪৩১ ইনিংস) ও ক্রিস গেইল (৪২৩ ইনিংস)।

আরেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের লেগেছিল ৫০৫ ইনিংস, কাইরন পোলার্ডের ৬৩৩ ইনিংস।

১৪৬.৩১ স্ট্রাইক রেটে বাটলারের মোট রান এখন ১৪ হাজার ২১। ৪৩৬ ইনিংসে ১৪ হাজার ১২১ রান নিয়ে তার ঠিক ওপরেই আছেন ওয়ার্নার। ৫২৩ ইনিংসে ১৪ হাজার ৪৪৯ রান নিয়ে তিনে আছেন হেলস। ৬৫২ ইনিংসে ১৪ হাজার ৪৮২ রান নিয়ে দুইয়ে পোলার্ড।

৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান নিয়ে চূড়ায় ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।

২০ ওভারের ক্রিকেটে বাটলারের ফিফটি হলো ঠিক ১০০টি। তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ১০৭টি ফিফটি নিয়ে এই তালিকার দুই নম্বরে আছেন ভিরাট কোহলি। ১১৬টি ফিফটি নিয়ে চূড়ায় ওয়ার্নার।

বারর আজমের ফিফটি এখন ৯৯টি।

এবারের আইপিএলে টানা দুই ফিফটির আগে রানের জন্যই হাপিত্যেশ করছিলেন বাটলার। ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ইনিংসে ১০.৮৭ গড়ে তিনি করতে পারেন স্রেফ ৮৭ রান। টানা পাঁচ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন সেখানে।

আইপিএলে প্রথম দুই ম্যাচে ৩৮ ও ২৬ রান করলেও চেনা ছন্দে তাকে দেখা যায়নি। অবশেষে তৃতীয় ম্যাচে গত বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে স্বরূপে ফেরেন তিনি। ২৪ বলে ফিফটি ছুঁয়ে, তিন চার ও পাঁচ ছক্কায় ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পান ১৬ ইনিংস পর।

পরের ম্যাচে আবার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। এ দিন তিনি ফিফটি করেন ২৯ বলে। গুজরাট ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।