BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

ক্যাসেমিরোকে নিয়ে মেসি-রোনালদোর ‘টানাটানি’


মার্চ ৩১, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্যাসেমিরো। ইংলিশ জায়ান্টদের সঙ্গে চার বছরের সম্পর্ক চুকিয়ে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন খোদ ব্রাজিলিয়ান মিডফিল্ডারই। এই অভিজ্ঞ তারকাকে দলে ভেড়াতে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে এক অদৃশ্য এল ক্লাসিকো শুরু হয়েছে। একদিকে রোনালদো চাইছেন তার পুরনো সতীর্থকে আল-নাসরে নিতে, অন্যদিকে ইন্টার মায়ামি চাইছে ক্যাসেমিরোকে দলে টেনে মেসির সঙ্গে এক শক্তিশালী মিডফিল্ড গড়তে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, ক্যাসেমিরোকে সৌদি প্রো লীগে নিয়ে আসতে ব্যক্তিগতভাবে চেষ্টা চালাচ্ছেন সিআরসেভেন। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় একসঙ্গে খেলার সুবাদে এ দু’জনের রসায়ন বেশ পুরনো। আল-নাসরের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে ক্যাসেমিরোকে ‘ডিফেন্সিভ অ্যাংকর’ হিসেবে দেখছেন পর্তুগিজ মহাতারকা। এছাড়া, মধ্যপ্রাচ্যের ক্লাবটি ক্যাসেমিরোর জন্য যে বিশাল আর্থিক প্যাকেজ প্রস্তুত করছে, তা বর্তমান বিশ্বের যেকোনো অফারকে ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে, ৩৪ বছর বয়সী ক্যাসেমিরোকে পাওয়ার দৌড়ে পিছিয়ে নেই ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিও। গত মৌসুমে সব ধরণের ফুটবলকে বিদায় জানান সার্জিও বুসকেটস। স্প্যানিশ তারকার উত্তরসূরি হিসেবে বর্তমানে একজন অভিজ্ঞ মিডফিল্ডারের খোঁজে আছে ফ্লোরিডার ক্লাবটি। এখন ক্যাসেমিরো যদি ফ্লোরিডায় পাড়ি জমান, তবে ফুটবল বিশ্ব এক অদ্ভুত দৃশ্য অবলোকন করবে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সার দুই সাবেক তারকাকে একই জার্সিতে মাঠ মাতাতে দেখলে তা ভক্তদের জন্য বিস্ময়করই হবে বৈকি! যুক্তরাষ্ট্রে মেজর লীগ সকারে (এমএলএস) খেলার আকর্ষণ এবং মেসির সঙ্গে জুটি বাঁধার হাতছানি ক্যাসেমিরোর জন্য বেশ লোভনীয় হতে পারে।

২০২২-এ সান্তিয়াগো বার্নাব্যু থেকে ওল্ড ট্রাফোর্ডে উড়ে গিয়ে রেড ডেভিলদের হয়ে ১৫৫ ম্যাচে ২৪ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন ক্যাসেমিরো। বিদায়বেলায় আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডের ভালোবাসা আমি আজীবন বহন করব। তবে এখনই বিদায় নয়, আগামী চার মাস ক্লাবের সাফল্যের জন্য আমি আমার সেরাটা দিয়ে যাব।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।