BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৩
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য ছাত্রলীগে সভাপতি পদপ্রার্থী ফখরুল কামাল জুয়েলকে ঘিরে বিতর্ক


মার্চ ১৭, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্য ছাত্রলীগের আসন্ন কমিটিকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী ফখরুল কামাল জুয়েলকে ঘিরে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। সংগঠনের ভেতরে ও বাইরে তার অভিবাসন-সংক্রান্ত অতীত, পরিচয় ব্যবহার এবং ব্যক্তিগত তথ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ফখরুল কামাল জুয়েলের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাজ্যে আশ্রয় (asylum) আবেদনে তিনি নিজেকে সমকামী (gay) পরিচয়ে উপস্থাপন করে সেই ভিত্তিতে আশ্রয় লাভ করেন। বিষয়টি সামনে আসার পর সংগঠনের নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন— একটি রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত ও আইনি অবস্থান কতটা স্বচ্ছ, সেটি যাচাই করা প্রয়োজন।

এছাড়া আরও অভিযোগ রয়েছে যে, জুয়েল যুক্তরাজ্যে প্রবেশের সময় নিজের প্রকৃত নাম ব্যবহার করেননি। অভিযোগকারীদের দাবি, তিনি ফয়সল আহমেদ নামের একজনের পরিচয় ব্যবহার করে যুক্তরাজ্যে আসেন এবং পরবর্তীতে সেই পরিচয়ের মাধ্যমেই অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করেন।

এই অভিযোগের সমর্থনে প্রতিবেদকের কাছে কিছু নথিপত্র সংরক্ষিত রয়েছে।

এদিকে সংগঠনের কয়েকজন কর্মী বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ছাত্র সংগঠন। এই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দেওয়ার জন্য প্রার্থীর অতীত, সাংগঠনিক ত্যাগ, রাজনৈতিক ভূমিকা এবং ব্যক্তিগত স্বচ্ছতা গুরুত্বপূর্ণ বিষয়। তাদের মতে, যদি কোনো প্রার্থীর পরিচয় বা অভিবাসন প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকে, তাহলে সেটি সংগঠনের গ্রহণযোগ্যতার ওপর প্রভাব ফেলতে পারে।

যুক্তরাজ্যে অবস্থানরত কয়েকজন ছাত্রলীগ কর্মী জানান, নেতৃত্ব নির্বাচনের সময় প্রার্থীর ব্যক্তিগত পরিচয়, অতীত কর্মকাণ্ড এবং সাংগঠনিক অবদান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, যাতে ভবিষ্যতে সংগঠন কোনো বিতর্কে না জড়ায়।

অভিযোগের বিষয়ে জানতে ফখরুল কামাল জুয়েলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রবাসে পরিচালিত সংগঠনগুলোর ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচন সবসময়ই সংবেদনশীল একটি বিষয়। তাই প্রার্থীদের বিষয়ে ওঠা অভিযোগ ও প্রশ্নগুলো যথাযথভাবে যাচাই করা এবং স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।