BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫২
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে দলে আফিফ, বাদ সোহান-জাকের-শামীম


মার্চ ৫, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই সংস্করণে খেলেছিলেন তিনি। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারী।

চোট থেকে সেরে না ওঠায় দলে নেই দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। বিসিবির আশা, এ মাসের শেষ দিকে শতভাগ ফিটনেস ফিরে পাবেন তারা।

স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘মিডল অর্ডারে আমরা বেশ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে তাদের মধ্যে কেউ কেউ নিজেদের জায়গা পাকা করার মতো পারফর্ম করতে পারেনি।

এ কারণে আফিফ হোসেনকে আবার দলে ডাকা হয়েছে। সে বেশ অভিজ্ঞ এবং এই মুহূর্তে দারুণ ফর্মেও আছে।’
লিটন দাসকে নিয়ে লিপু বলেছেন, ‘ওর সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে উন্নতি করার জন্য সে কোচদের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস, শিগগিরই সে এই সংস্করণে সেরা ছন্দে ফিরবে।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে আগামী ৮ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১১, ১৩ ও ১৫ মার্চ। সব কটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।