BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৭
আজকের সর্বশেষ সবখবর

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কতটি পেল


ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণা না হওয়া তিনটির মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুইটি আসনের ফল পরে ঘোষণা করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

ঘোষিত ফলাফলে দেখা গেছে বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭৭, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসন পেয়েছে।

তবে দল হিসেবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। এছাড়া তাদের সঙ্গে জোটবদ্ধ বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণসংহতি আন্দোলনও গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২, খেলাফত মজলিস ১টি আসন পেয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। ওই চিঠিগুলোতে বলা হয়েছিল, আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফল ঘোষণা করা হবে না।

তবে এরই মধ্যে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হয়েছে। তবে আপাতত এই আসনের গেজেট না প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।