BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

ভোট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান


ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে আপত্তি নেই। তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরণের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। পরে গুলশানে তাঁর কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

তারেক রহমান বলেন, এদেশের মালিক সাধারণ জনগণ। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।

সারাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে। কারণ এসব ঘটনা ভালো নয়। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ফল গণনা দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল চাইবে। আমরা আশা করবো নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবে।

তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে। সেই সময়সীমার মধ্যেই জনগণ ফল দেখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।