BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৪
আজকের সর্বশেষ সবখবর

রমজানের প্রস্তুতির মাস শাবান শুরু


জানুয়ারি ২১, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

শুরু হয়েছে পবিত্র রমজানের প্রস্তুতির মাস শাবান। রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মৌসুম। কিন্তু এই মহামাসের ফজিলত পুরোপুরি অর্জন করতে হলে পূর্বপ্রস্তুতি অপরিহার্য। ইসলামি শরিয়তে এই প্রস্তুতির জন্য যে মাসটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তা হল শাবান মাস। রসুলুল্লাহ (সা.) শাবান মাসকে রমজানের প্রস্তুতির মাস হিসেবে ব্যবহার করতেন।

শাবান হল রজব ও রমজানের মধ্যবর্তী মাস। বহু মানুষ এই মাসের গুরুত্ব সম্পর্কে উদাসীন থাকে। এ ব্যাপারে রসুলুল্লাহ (সা.) বলেন, ‘قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ؟ فَقَالَ: ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ’

অর্থ : এটি এমন এক মাস, যার ব্যাপারে মানুষ গাফিল থাকে, রজব ও রমজানের মাঝখানে। এই মাসেই বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়। আমি চাই, আমার আমল উঠানো হোক- এমন অবস্থায় যে আমি রোজাদার। (সনানুন নাসায়ি:২৩৫৭)

রমজানের দীর্ঘ রোজার জন্য শরীর ও মনকে প্রস্তুত করতে শাবান মাসে অধিক রোজা রাখা সুন্নাত। قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ আমি রসুলুল্লাহকে (সা.) রমজান ছাড়া আর কোনো মাস পূর্ণ রোজা রাখতে দেখিনি, তবে শাবান মাসে তাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। (সহিহ বুখারি: ১৯৬৯; সহিহ মুসলিম:১১৫৬)

এই মাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হল বার্ষিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এই সময় ইবাদত, তাওবা ও আত্মশুদ্ধির প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রস্তুতির দিকসমূহ ১. গুনাহ থেকে তাওবা করা ২. হিংসা, বিদ্বেষ ও অহংকার পরিত্যাগ ৩. নিয়মিত নামাজ ও কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা

শাবান মাসে কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা। সালাফে সালিহিন শাবান মাসকে কোরআন তিলাওয়াতের মাস হিসেবে গ্রহণ করতেন। كَانَ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ يَقُولُ إِذَا دَخَلَ شَعْبَانُ قَالُوا: هَذَا شَهْرُ الْقُرَّاءِ হাবিব ইবনু আবি সাবিত রহ.বলতেন, যখন শাবান মাস প্রবেশ করত, তখন (সালাফরা) বলতেন, এটি কোরআন তিলাওয়াতকারীদের মাস। (লতায়িফুল মাআরিফ ইবনু রজব রহ.

শাবান মাস হল নফল ইবাদতের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার সময়। অলসতা ও গাফিলতি ঝেড়ে ফেলার শ্রেষ্ঠ সময়। রসুলুল্লাহ (সা.) রমজানের জন্য দোয়া করতেন। দোয়া اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ

অর্থ : হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে নিরাপদে রমযান মাস পর্যন্ত পৌঁছে দিন। (মুসনাদু আহমাদ: ২৩৪৬)

শাবান মাস হল রমজানের দরজায় দাঁড়িয়ে থাকা এক প্রস্তুতির মাস। যে ব্যক্তি শাবানকে অবহেলা করল, তার জন্য রমজানও অনেক সময় অবহেলিত হয়ে যায়। আর যে ব্যক্তি শাবান মাসেই নিজেকে ইবাদতের জন্য প্রস্তুত করল, তার জন্য রমজান হয়ে ওঠে আত্মশুদ্ধি ও সফলতার এক স্বর্ণালি অধ্যায়।

আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে রমযানের পূর্ণ বরকত অর্জনের তাওফীক দান করুন। আমিন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।