BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৯
আজকের সর্বশেষ সবখবর

পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত


ডিসেম্বর ২৪, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজন সম্পর্কে বন্ধু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহন চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনার সময় পিকআপ ও মোটরসাইকেল উভয় যানবাহনেরই গতি তুলনামূলক বেশি ছিল বলে জানান তারা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।