সিংগাইর থানা কেন্দ্রীয় জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। এসময় মসজিদের দানবাক্স ও আলমারি ভেঙে মুয়াজ্জিন বেতনসহ টাকা লুটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ধারণা, মসজিদ সংলগ্ন থানার সীমানা প্রাচীর ডিঙিয়েই এই চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদের ক্যাশিয়ার মো. আতাউর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার ফজরের নামাজের সময় চুরির বিষয়টি জানাজানি হয়।
মো. আতাউর রহমান বলেন, তিনমাস ধরে মসজিদের দানবাক্স খোলা হয় না। বোঝা যাচ্ছে লোহার শাবল দিয়ে দানবাক্স ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। কত টাকা জমা হয়েছিল তা জানা যায়নি। তবে মসজিদের ৯টি দোকান ঘরের ভাড়া থেকে ৩২ হাজার ৬৬০ টাকা আদায় করে আলমারিতে রাখা হয়েছিল তা নিয়ে গেছে চোর।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতে মসজিদের গেট আটকানো থাকায় চোর থানার বাউন্ডারি টপকিয়ে মসজিদে প্রবেশ করে এবং মসজিদে থাকা টাকগুলো নিয়ে আগে থেকেই নজরদারি ছিল তার।
মসজিদের মুয়াজ্জিন হাবিবুল্লাহ বলেন, বুধবার ভোরে আজান দিতে এসে চুরির বিষয়টি জানতে পেরে কমিটিকে জানাই। এরপর দেখি আলমারিতে রাখা আমার বেতনের ১৩ হাজার ৫০০ টাকা ছিল সেটাও নিয়ে গেছে। এছাড়া এমন কোনো দিন নেই থানা মসজিদ থেকে জুতা চুরি না হচ্ছে। নামাজ পড়তে আসা থানার অনেক ওসি ও দারোগাদের জুতাও চুরি হয়েছে।
মসজিদের পাশে চা দোকানদার গিয়াস উদ্দিন বলেন, থানার আশপাশে ব্যাপক হারে চুরির ঘটনায় আমরা এখন আতঙ্কিত।
থানা মসজিদের সভাপতি ও ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, মসজিদের চুরির বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় কে বা কারা জড়িত তা শনাক্তে কাজ করছে পুলিশ। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
