BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৩
আজকের সর্বশেষ সবখবর

পাভেলই কি বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার


আগস্ট ২৪, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাস্কেটবল কোর্ট থেকে ফুটবল মাঠে নেমে রেকর্ড গড়েছেন সাবেক এনবিএ খেলোয়াড় পাভেল পদকোলজিন। ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি) লম্বা এই রাশিয়ান এখন বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার। গোলপোস্টের ক্রসবার থেকেও তিনি ১৭ সেন্টিমিটার উঁচু।

অভিষেক ম্যাচে মাঠে নামার সময় টানেল দিয়ে ঢুকতে মাথা নিচু করতে হয়েছিল তাকে। ‘দৈত্যাকৃতির’ এই খেলোয়াড় মাঠে নামতেই দর্শকরা হতবাক হয়ে যান। তার অভিষেকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরাও অবাক হয়ে যান। কেউ লিখেছেন, সে কি সত্যিই পিটার ক্রাউচের চেয়েও লম্বা? আবার কেউ মজা করে লিখেছেন, লোকটা তো লাফ না দিয়েই হেড করছে!

৪০ বছর বয়সী পাভেলের অভিষেক হয়েছে রাশিয়ান কাপে, আমকাল মস্কোর হয়ে। কালুগার বিপক্ষে ম্যাচে প্রথমে ডিফেন্ডার হিসেবে মাঠে নামেন তিনি। খেলার ১৯ মিনিট পর বদলি হয়ে যান। তবে কর্নার কিক থেকে হেডে গোলের সুযোগ পেয়েছিলেন পদকোলজিন। ছয় গজ বক্সে তার গায়ে লেগে বল গোলমুখে গেলেও প্রতিপক্ষ গোলকিপার তা রুখে দেন। এছাড়া নিজের ডি-বক্সে গুরুত্বপূর্ণ একটি ক্লিয়ারেন্সও করেছিলেন তিনি। তবে হেডিংয়ে এখনো কাঙ্ক্ষিত দক্ষতা দেখাতে পারেননি। শেষ পর্যন্ত অবশ্য আমকাল ১-০ গোলে জয় পায়।

পাভেল এর আগে এনবিএ লিগের ডালাস ম্যাভেরিকসে খেলেছেন। তবে অ্যাক্রোমেগালি নামের বিরল হরমোনজনিত রোগে আক্রান্ত হওয়ায় তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। ডালাসের হয়ে তিনি মাত্র ছয় ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এর আগে বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার ছিলেন সাবেক বেলজিয়ান গোলকিপার ক্রিস্তফ ভ্যান হাউট (২.০৮ মিটার)। এছাড়া ডেনিশ গোলকিপার সাইমন ব্লোখ জোর্গেনসন ও ইংলিশ স্ট্রাইকার কাইল হাডলিনের উচ্চতা ২.১০ মিটার, আর জার্মান ফরোয়ার্ড জোনাথন মেরটাশের উচ্চতা ২.১৪ মিটার। তবে সবার চেয়ে এগিয়ে এখন রাশিয়ার পদকোলজিন।

২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত এনবিএর ডালাস ম্যাভেরিকসের হয়ে খেলেছিলেন পদকোলজিন। ২০১৯ সালে বাস্কেটবল থেকে অবসর নেওয়ার পর এ বছর গ্রীষ্মে তিনি ফুটবলে নামেন। রাশিয়ান ক্লাব এফসি আমকাল মস্কোতে যোগ দিয়ে গত মঙ্গলবার রাশিয়ান কাপের ম্যাচে কালুগার বিপক্ষে অভিষেক হয় তার।

ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই খেলায় নামতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। আমি রাশিয়ান কাপে খেলছি। সত্যি বলতে জানি না, কী বলা উচিত। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।

আগামী ৯ সেপ্টেম্বর রাশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে সালিউত-বেলগোরদের বিপক্ষে আবার মাঠে নামবেন পদকোলজিন। ফুটবলে তার এই অদ্ভুত অধ্যায় এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। সূত্র: ডেইলি মেইল

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।