BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৯
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ, দুই নারী আটক


আগস্ট ১৭, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে গৃহবধূ রিমা আক্তারকে (২৪) হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত ভাবি রুজিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পূর্ব সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন মুজিবুর রহমান।

দেশে ফেরার পর থেকেই স্ত্রী রিমার সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন শুরু হয়। শনিবার দিবাগত রাতে মুজিবুর রহমানের পরকীয়া নিয়ে গ্রামে সালিশ বৈঠক হয়। বৈঠকে বিষয়টি প্রকাশ্যে আসায় তিনি অপমানিত বোধ করেন।

মৃতের চাচা কাউছার মিয়া অভিযোগ করে বলেন, আমার ভাতিজি রিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারপর নাটক সাজাতে মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।

নিহতের মা সুফিয়া বেগমও একই অভিযোগ করে বলেন, মুজিবুর রহমানের পরকীয়া সম্পর্ক ছিল তার ভাবি রুজিনার সঙ্গে। এ নিয়েই দীর্ঘদিন ধরে রিমা ও মুজিবুরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।