BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৮
আজকের সর্বশেষ সবখবর

তিন দফায় প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল হবিগঞ্জ


আগস্ট ২, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : তিন দফায় প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল হবিগঞ্জ জেলাবাসী। শুক্রবার সকাল ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও স্বাভাবিক হয়নি। এলাকাভিত্তিক ভাগ করে ১/২ ঘণ্টা পরপর কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করছে বিদ্যুৎ বিভাগ। এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে দুইবার বিদ্যুৎ আসা-যাওয়া করলেও সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ টানা বন্ধ হয়ে যায়। শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডে ৩টি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ। এর মধ্যে ব্যতিক্রম ছিল বাহুবল উপজেলা। এখানে বিদ্যুৎ থাকলেও বাকি ৮টি উপজেলা বিদ্যুৎহীন ছিল।

শাহজীবাজার পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী তাফসির বিন বাশার জানান, শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের কারণে একটি সার্কিট ব্রেকার ও ৩টি ট্রান্সফরমার পুড়ে গেছে। এর মধ্যে একটির অবস্থা অত্যন্ত খারাপ। ইতোমধ্যে ১টি মেরামত করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আরও একটি সন্ধ্যার মধ্যেই মেরামত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। অপরটি যেহেতু বেশি খারাপ অবস্থায়, তাই সেটি মেরামত করতে সময় লাগবে। তিনি বলেন, এখনই নতুন ট্রান্সফরমার আনা সম্ভব নয়। কারণ, এগুলো অত্যন্ত ব্যয়বহুল। এখানে টেন্ডার প্রক্রিয়ার বিষয়ও রয়েছে, যা সময়সাপেক্ষ। তবে আমাদের সব সময়ই বেকআপ থাকে। আমরা কাজ করে যাচ্ছি।

হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে। তবে মানুষের দুর্ভোগ লাঘবে আপাতত ১/২ ঘণ্টা পরপর একেক এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আমরা অবিরাম চেষ্টা করছি যেন দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারি।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছিল। দীর্ঘসময় বিদ্যুৎ বন্ধ থাকে। তবে দুবার কিছু সময়ের জন্য বিদ্যুৎ এলেও তা বেশিক্ষণ থাকেনি। সন্ধ্যা সাড়ে ৬টায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে খবর চাওড় হয় শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে আগুন ধরেছে। তখন থেকেই বিদ্যুৎ পাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন শহরবাসী। এর মাঝে শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা থেকেই শহরে নীরবতা নেমে আসে। দোকানপাট বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দুপুর থেকেই বিদ্যুতের সার্কিট ব্রেকার, ফিউজে সমস্যা হচ্ছিল। হঠাৎ সন্ধ্যায় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩টি ট্রান্সফরমার পুড়ে যায়। এতে জেলার ৮টি উপজেলা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়েন পানি নিয়ে। বাসা-বাড়িতে পানির তীব্র সংকট দেখা দেয়। অনেকে দোকান থেকে খাবার পানি কিনে আনেন। অনেকে দূর-দূরান্তের টিউবওয়েল থেকে পানি নিয়ে আসেন। কেউ কেউ শুক্রবার সকাল থেকে বৃষ্টির পানি সংগ্রহ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।