BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৯
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশি আটক


ডিসেম্বর ২৩, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতীয় চিনির গুদামে অবৈধভাবে চিনি আনতে গেলে তাদের আটক করা হয়।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, গতকাল রবিবার রাতে তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ১৩ শ্রমিক। পরে বিসিএফ তাদের ধরে নিয়ে গেলে বাংলাদেশি চোরাকারবারিরা ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করে। কিন্তু বিএসএফ সদস্যরা ১৩ শ্রমিককে ছেড়ে দিতে ৯ লাখ টাকা দাবি করে। বাংলাদেশি চোরাকারবারিরা এত টাকা দিতে রাজি না হলে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়দের কাছ থেকে আটক বাংলাদেশি কয়েকজন শ্রমিকের নাম জানা যায়। তারা হলেন- উপজেলার গুচ্ছগ্রামের সোহাগ (২৪), রুবেল (২২), মোবারক (২০), রনি (২১) এবং সোনাটিলা গ্রামের আরিফ ও নয়ন।

এ ব্যাপারে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘আমরা সোর্স থেকে শুনেছি। এ বিষয়ে বিএসএফ বা শ্রমিকদের পরিবার কেউই বিজিবিকে জানায়নি বা অভিযোগ করেনি।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।