স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের ওপর প্রত্যাশা বেড়েছে সমর্থকদের । তবে ভারত অপেক্ষাকৃত শক্তিশালী দল হওয়ায় বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ভালো খেলা। জয় পাওয়াও অসম্ভব নয় বলে মনে করছেন ক্রিকেটাররা।
বিমান বন্দরে মিডিয়ার ভীড় হবে। ক্যামেরা দেখে উৎসুক লোকজনও মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত থাকবে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটা বিদেশ যাত্রায় এটা নিয়মিত দৃশ্য। তবে এবার কিছুটা পার্থক্য রয়েছে। বৃষ্টি ভেজা আবহাওয়ায় শান্তরা এবার ভারত সফরে যাচ্ছেন বুক ভরা আত্মবিশ্বাস আর সমর্থকদের প্রত্যাশা কাধে নিয়ে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কন্ঠেও আত্মবিশ্বাসের সুর। তবে র্যাংকিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে খেলার আগে বাড়তি কোন স্বপ্ন দেখাতে রাজি নন শান্ত। টেস্ট ম্যাচের পাঁচ দিন ভালো করতে পারলে জয়টাও আসতে পারে।
ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যদিও এবার ব্যাট বলে বাংলাদেশ দল অনেকটাই ভারসাম্যপূর্ণ। অধিনায়কের চোখে পার্থক্য শুধু অভিজ্ঞতায়।
টাইগার দলপতির দর্শনটা সহজ। সাফল্য পেতে খেলতে হবে দল হয়ে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট শেষে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।
