BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিল ভারত


জুন ২২, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিয়েছে ভারত। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ১৯৬ রান সংগ্রহ করেছে ভারত। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে পরাজিত হয় টাইগাররা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

ভারতের বিপক্ষে আজ দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ দিয়েই ইনিংস শুরু করেছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। প্রথম ওভারেই শেখ মেহেদীর বলে বাউন্ডারি অধিনায়ক রোহিত শর্মা। এরপর দ্বিতীয় ওভারে সাকিবের বলেও চার মেরেছিলেন তিনি। চতুর্থ ওভারেও সাকিবকে একটি ছয় এবং একটি চার মেরে ঝড় তোলার আভাসই দিচ্ছিলেন ভারতীয় অধিনায়ক। তবে বিপদজনক হয়ে ওঠার আগেই রোহিতকে সাজঘরের পথ দেখিয়েছেন সাকিব। চতুর্থ ওভারের চতুর্থ বলেই সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে জাকের আলির মুঠোবন্দী হয়ে আউট হয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক সাজঘরে ফেরার আগে ৩ চার আর ১ ছয়ে ১১ বলে করেছেন ২৩ রান।

এদিকে রোহিত ফিরলেও অপরপ্রান্তে সাবলীলভাবেই ব্যাট করছিলেন বিরাট কোহলি। রিশভ পন্তকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘোরাচ্ছিলেন তিনি। তবে থিতু হওয়ার পরও তাকে আজ বড় সংগ্রহের দিকে যেতে দেননি তানজিম সাকিব। তরুণ এই পেসারের বলেই বোল্ড হয়ে আউট হয়েছেন কোহলি। নবম ওভারের প্রথম বলেই তাকে বোল্ড করেন সাকিব।

একই ওভারে সূর্যকুমার যাদবকেও সাজঘরের পথ দেখান তরুণ এই পেসার। মাঠে নেমে প্রথম বলেই ছয় হাকালেও পরের বলেই সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন সূর্যকুমার। এদিকে দ্রুত দুই উইকেট হারালেও দ্রুত রান তুলছিলেন রিশব পন্ত। টাইগার বোলারদের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে ওঠছিলেন তিনি, ২৪ বলে করেছিলেন ৩৬ রান। তবে এরপরই রিশাদের বলে ক্যাচ তুলে দিয়ে তানজিম সাকিবের মুঠোবন্দী হয়ে আউট হন পন্ত।

এদিকে পন্ত ফেরার পরও রানের চাকা থেমে থাকেনি ভারতের। বড় সংগ্রহ গড়ার পথে ভারতকে পথ দেখিয়েছে পান্ডিয়া-দুবে জুটি। এ দুজন মিলে ৩৪ বলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৩ রান। ২৪ বলে ৩৪ রান করে দুবে সাজঘরে ফেরার পর বাকি কাজটুকু করেছেন পান্ডিয়া। শেষদিকে ভারতের স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করেছেন পান্ডিয়া।

অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে তিনি গড়েছেন ১৭ বলে ৩৫ রানের জুটি। ৪ চার আর ৩ ছয়ে তাঁর খেলা ৫০ রানের ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। টাইগারদের হয়ে আজ ২টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব এবং রিশাদ।

এদিকে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১৩ ম্যাচের ১২টিই জিতেছে ভারত। এর চারটি বিশ্বকাপে। বাংলাদেশের একমাত্র জয় ২০১৯ সালের ভারত সফরে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: ভারত একাদশ বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।