BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৬
আজকের সর্বশেষ সবখবর

ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন কুয়েত প্রবাসীরা


এপ্রিল ১৬, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : কুয়েত প্রবাসীদের বহুল আকাঙ্ক্ষিত ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের কার্যক্রম প্রস্তুতি এ সপ্তাহেই সম্পন্ন হবে। আগামী ২ মে থেকে দূতাবাসে ই-পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে পারবেন কুয়েত প্রবাসীরা।

গতকাল শুক্রবার কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান এ কথা জানান।

তিনি আরও বলেন, কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছে। তাই বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকতে হবে এবং কুয়েতের সিভিল আইডি ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতাদের তার বার্তা অন্যান্য প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

প্রেস ক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স অ্যাটাচী ব্রিগেডিয়ার হাসান উজ জামান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুৎফুর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সাংগঠনের নেতৃবৃন্দরা।

বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ও দেশের মঙ্গল কামনায় ইফতার পূর্ব দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।