BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৩
আজকের সর্বশেষ সবখবর

মিশিগানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের মুন্না নিহত


ডিসেম্বর ৮, ২০২২ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : আমেরিকার মিশিগান স্টেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুস সাদিক মুন্না (৪০) নামের এক প্রবাসী। গত বুধবার (৭ ডিসেম্বর) ভোরে ফামিংটন হিলসের ৬৯৬ এর হালস্টেড রোডের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

তিনি মিশিগানের রাজধানী ল্যাংসিং বোর্ড অব অ্যাডুকেশন কর্মকর্তা ছিলেন। তার আত্নীয় ওয়ারেন সিটির বাসিন্দা মারুফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। মারুফ জানান, কর্মস্থল ল্যাংসিংয়ে যাওয়ার পথে মুন্না সড়ক দুর্ঘটনায় মারা যান।

নিহত আব্দুস সাদিক মুন্না সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সমশপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের ছেলে। স্বপরিবারে মিশিগান স্টেটের ট্রয় সিটিতে বসবাস করতেন মুন্না। প্রায় ২৫ বছর আগে আমেরিকায় যান তিনি।

ফক্স-২ ও ডেট্রুয়েট নিউজ পুলিশের বরাতে বলেছে, সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত একটি সেমি ট্রাককে অতিক্রমের চেষ্টা করার সময় তার গাড়িটি উল্টে যায়। পুলিশ এসে দেখে গাড়িতে আগুন লাগা অবস্থায় চালক আটকে আছেন। পুলিশ তাকে গাড়ি থেকে বের করার পর মৃত ঘোষণা করে।

সূত্র জানিয়েছে, মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও বৃদ্ধ মা সহ দেশে-বিদেশে অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। মুন্নার অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সময় জোহরের পরে ডেট্রুয়েট সিটির আল ফালাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।