BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১০
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি ছিনতাই নিছক দুর্ঘটনা, ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না: পররাষ্ট্রমন্ত্রী


নভেম্বর ২২, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাই নিছক দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দু্ল মোমেন। তিনি বলেন, এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না। এটা সব দেশেই ঘটে থাকে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সিলেটে দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে আমাদের দেশের কিছু গণমাধ্যম। অনেক রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না। কিন্তু সাংবাদিকদের কারণে বাধ্য হন। এ ব্যাপারে সাংবাদিকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলার উদ্বোধন সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাংস্কৃতিক মন্ত্রালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, অতিরিক্ত ডিআইজি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যপক জাকির হোসেন, বিশিষ্ট লোক সংগীত গবেষক ড.আবুল ফতেহ ফাত্তাহ।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।