যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে ‘বোকা’ বলা হলে সেটিই সবচেয়ে বেশি বিরক্ত করে। তবে তাকে ‘মেধাবী স্বৈরশাসক’ বা ‘একনায়ক’ বলা হলে তার আপত্তি নেই।
স্থানীয় সময় গত ২২ মে নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প বলেন, সমালোচকেরা তাকে ‘ডাম্ব’ বা বোকা বলায় তিনি এতটাই বিরক্ত হন যে, নিজের মানসিক সক্ষমতা প্রমাণ করতে চিকিৎসকের কাছে পরীক্ষা দেওয়ার উপায় জানতে চান।
তিনি দাবি করেন, প্রেসিডেন্ট থাকাকালে তিনি তিন বার কগনিটিভ টেস্ট দিয়েছেন এবং প্রতিবারই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আমি সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন। একজন স্মার্ট প্রেসিডেন্ট কি দেশের জন্য ভালো নয়?’
এরপর তিনি চিকিৎসকের সঙ্গে কথোপকথনের একটি অংশ তুলে ধরে বলেন, ‘আমি ডাক্তারকে বলেছি, আমাকে মেধাবী স্বৈরশাসক বলা হলে আমার আপত্তি নেই, কিন্তু আমাকে বোকা বলা আমি সহ্য করতে পারি না।’
মূলতঃ দ্রব্যমূল্য ও অর্থনীতি নিয়ে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প হঠাৎ করেই নিজের মানসিক সক্ষমতা নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, কগনিটিভ পরীক্ষার শুরু সহজ হলেও শেষের দিকের প্রশ্নগুলো বেশ কঠিন হয়।
এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রত্যেক প্রার্থীর বাধ্যতামূলকভাবে মানসিক সক্ষমতার পরীক্ষা দেওয়া উচিত। সেই পোস্টে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনকেও কটাক্ষ করেন।
তবে ট্রাম্পের এই মন্তব্যের পর কিছু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ তার মানসিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন। যদিও তার ঘনিষ্ঠ সহযোগীরা দাবি করেছেন, ট্রাম্প এখনো সুস্থ ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নেতা। সূত্র: এনডিটিভি
