চুনারুঘাট প্রতিনিধিঃ সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার বাজারের বিভিন্ন দোকানে অবৈধ ভারতীয় মোবাইল পাওয়া যাচ্ছে। এ সমস্ত মোবাইল বাংলাদেশ – ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে খুব সহজেই সীমান্তবর্তী বাজারগুলোতে চলে যাচ্ছে। অননুমোদিত এই সমস্ত স্মার্টফোন ও হ্যান্ডসেট দেদারছে ক্রয়- বিক্রয় চলছে স্বল্পমূল্যে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সমস্ত অবৈধ মোবাইল কিভাবে বাজার দাপিয়ে ক্রয়-বিক্রয় চলছে এই প্রশ্নই সচেতন মহলে।
অনুসন্ধানে জানা যায়, চুনারুঘাট উপজেলা শহরসহ বিভিন্ন প্রান্তিক এলাকাগুলোতে ইলেক্টনিক্স ও মোবাইল মেকানিক্সের দোকানগুলো চোরাই মোবাইল কেনাবেচার কেন্দ্র হিসেবে চিহ্নিত। সাধারণ ক্রেতারা কাগজপত্র ছাড়াই স্বল্পমূল্যে এই স্মার্টফোন কিনতে পারায় তারাও মোবাইলগুলো কিনতে আগ্রহী।
নাম প্রকাশে অনিচ্ছুক চোরাই মোবাইল ক্রয়কারী একজন বলেন, কম দামে কিনতে পারায় আমি মোবাইল কিনেছি। সস্তায় ভালো মানের স্মার্টফোন পেয়েছি। এতেই আমার লাভ।
এদিকে, চোরাই মোবাইল বিক্রি বন্ধ ও এ নিয়ে প্রশাসনিক তৎপরতার দাবি করেছেন সচেতন মহল।
