BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৬
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নপত্র ফাঁস চক্র: সেই রূপাকে আ.লীগ থেকে বহিষ্কার


জানুয়ারি ২৩, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে গ্রেফতার মাহবুবা নাসরিন ওরফে রূপাকে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত রূপা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) ও ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

জেলা আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাসরিনের সংশ্লিষ্টতা এবং গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমানের দাবি, মাহবুবা নাসরিন উপজেলা আওয়ামী লীগের কেউ নন। উপজেলা কমিটিতে তার কোনো পদ নেই, সেই কারণে বহিষ্কার বা অব্যাহতিরও প্রয়োজন নেই।

এর আগে গত শুক্রবার (২১ জানুয়ারি) মাহবুবা নাসরিন রূপাকে ঢাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের অধীন ‘অডিটর’ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ডিবি বলছে, গ্রেফতার মাহবুবার সঙ্গে মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের (সিজিএ) বরখাস্ত হওয়া কর্মকর্তা মাহমুদুল হাসানও রয়েছেন। এই চক্রের মোট ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীও রয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।