BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

ভ্রমণ-রিমোর্ট ওয়ার্কে সেরা পর্তুগাল


জানুয়ারি ১৬, ২০২২ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : পর্তুগাল বহুজাতিক অভিবাসী ও পর্যটনভিত্তিক দেশ। দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে, স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত। আটলান্টিক মহাসাগরে দেশটির দীর্ঘ উপকূল রয়েছে। এছাড়াও দুইটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণাধীন; এগুলো হলো আসোরেস দ্বীপপুঞ্জ এবং মাদেইরা দ্বীপপুঞ্জ।

ভ্রমণ ও দূরবর্তী কাজ করার (রিমোর্ট ওর্য়াক) জন্য বিশ্বের সেরা দেশ হিসাবে পর্তুগালকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি ভ্রমণবিষয়ক গবেষণা ওয়েবসাইট ‘মোমন্ডোর’ একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

মোমন্ডো তাদের এই সমীক্ষা ২০২১ সালের পহেলা সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১১১টি দেশের বিভিন্ন তথ্য প্রকাশ করেছে। তালিকায় ২য় স্থানে রয়েছে পর্তুগালের পাশের দেশ স্পেন। এছাড়াও পর্যায়ক্রমে রয়েছে- রোমানিয়া, মাউরিটিয়াস, জাপান, মাল্টা, কোস্টারিকা, পানামা, চেক রিপাবলিক, জার্মানি।

রিমোর্ট ওর্য়াকের জন্য পর্তুগাল সেরাদের সেরা। প্রধান প্রধান এই কারণগুলো ছাড়াও পর্তুগালকে সর্বমোট ২২টি ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে হয়েছে, যেমন- ভ্রমণ খরচ, স্বাস্থ্য ব্যবস্থার ঝুঁকি, কাজের পরিবেশ, প্রয়োজনীয় উৎসের ব্যবস্থা ইত্যাদি।

অনেকের মনেই দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর স্বপ্ন জাগে। কখনো ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক। দায়িত্বের বাইরে যে সময়টা পাওয়া যায় তা দিয়ে বিশ্বকে খুব ভালোভাবে দেখা সম্ভব না, যদিই না আমাদের পেশাগত দায়িত্ব কিংবা দক্ষতা অনলাইনভিত্তিক (রিমোর্ট জব) না হয়।

তবে যাদের রিমোর্ট জব করার সুবিধা রয়েছে তাদের জন্য ভ্রমণ করার শখ মেটানো আবার একই সঙ্গে নিজের পেশাগত দায়িত্ব পালন করা নিতান্তই আনন্দের বিষয়। তাই অনলাইনভিত্তিক বা রিমোর্ট ওর্য়াকে যুক্ত থাকা ব্যক্তিদের ভ্রমণের শখ মেটাতে মোমন্ডো নিয়ে এলো নতুন এক সমীক্ষা। যেখানে বলা হয়েছে ২০২২ সালে ভ্রমণ এবং দূরবর্তী কাজের জন্য পর্তুগালই সেরা।

মোমন্ডো বিশ্বের প্রথম ভ্রমণ ও রিমোর্ট ওর্য়াকবিষয়ক ওয়েবসাইট। যেখানে অনলাইনভিত্তিক জব হোল্ডারদের ভ্রমণের সঙ্গে সঙ্গে দূরবর্তী কাজ সম্পন্ন করা যায়। স্থায়ী- অস্থায়ী রেসিডেন্সিও লাভ করা যায়। সেখানে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে রিমোর্ট জব বা দূরবর্তীভাবে কাজ একটি যুগান্তকারী পদ্ধতিতেও রূপান্তরিত হয়েছে। যা আধুনিক বিশ্বকে তার সব ধরনের প্রতিকূলতার মাঝেও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

আর রিমোর্ট ওর্য়াকের জন্য যদি এমন একটি স্থান বা দেশ থাকে যেখানে বসে স্বাচ্ছন্দ্যে মনোরম পরিবেশে বসে প্রকৃতিকে উপভোগ করার পাশাপাশি নিজের পেশাগত দায়িত্বও পালন করা যায় তাহলে নিঃসন্দেহে সেটা রিমোর্ট জবের গতিকে আরও বেগবান করে তুলবে।

পর্তুগাল রিমোর্ট ওর্য়াকের জন্য পৃথিবীব্যাপী সেরাদের সেরা হয়েছে। কারণ পর্তুগালে রয়েছে উন্নত জীবনের ব্যবস্থা। সঙ্গে সামাজিক নিরাপত্তা, আবহাওয়া, নিম্নতর অপরাধের হার, দ্রব্যমূল্যসহ স্বল্পমূল্যের জীবনযাত্রা। পর্তুগাল সরকার ডিজিটাল নোমেডসদের জন্য অনলাইনভিত্তিক ভিসারও ব্যবস্থা করেছে। যেন পর্তুগালে ভ্রমণ আরও সহজতর করা যায়।

পর্তুগাল মোটামুটি আয়তাকৃতির। এর উত্তরের ভূমি পর্বতময় ও সবুজে ছাওয়া; এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া শীতল। এই অঞ্চলটি, বিশেষ করে দোউরু নদীর উপত্যকা আঙুরক্ষেতের জন্য বিখ্যাত। এখান থেকে পর্তুগালের বিখ্যাত পোর্ট ওয়াইনের জন্য আঙুর উৎপাদিত হয়।

পর্তুগালের মধ্য ও দক্ষিণ ভাগ উষ্ণতর এবং শুষ্কতর। এখানে আঙ্গুর ছাড়াও গম ও অন্যান্য কৃষিদ্রব্য উৎপাদিত হয়। এখানে কর্ক, ওক ও জলপাই গাছও জন্মে। দেশের একেবারে দক্ষিণে আলগার্ভে নামের অঞ্চলটি উষ্ণ গ্রীষ্মকাল এবং মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত রৌদ্রোজ্জ্বল বেলাভূমির জন্য পরিচিত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।