বিডি সিলেট ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সিলেটের গোলাপগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের অনেক এগিয়ে নিয়েছে। জীবন যাত্রার উন্নয়নে অনেক গতি বৃদ্ধি করেছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার প্রযুক্তির ব্যবহার মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছে। মানুষ চাইলে এখন যেকোন বিষয়ে সফলতা নিয়ে আসতে সময়ের ব্যবপারমাত্র।
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া স্টল পরিদর্শন করেন সাবেক ওই শিক্ষামন্ত্রী। এসময় খুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের আবিষ্কৃত বিভিন্ন উদ্ভাবনী বিষয় তুলে ধরার চেষ্টা করে।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো সরকারী এমসি একাডেমী স্কুল ও কলেজ, ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল এমদাদ উচ্চ বিদ্যালয়, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভাদেশ^র মডেল ফাজিল মাদরাসা, বরায়া উচ্চ বিদ্যালয়, এলবি গ্রীণফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়, আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকাদক্ষিণ সরকারী কলেজ, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ জামেয়া উচ্চ বিদ্যালয়, সালাম মকবুল উচ্চ বিদ্যালয়, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজ, আছিরগঞ্জ সিনিয়র আলীম মাদরাসা, ভাদেশ^র নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ।
এছাড়া তিনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত ৮৪জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এর মধ্যে নারী ৭জন ও পুরুষ গ্রাম পুলিশ সদস্য ৭৭জন ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর প্রমূখ।
দুপুর ১২টায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত এলাকায় হাজী আব্দুস শহীদ মহিলা (ফাজিল) মাদ্রাসার নতুন চার তলা ভীতসম্পন্ন ভবনের একতলা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বিকাল ৩টায় দক্ষিণ লক্ষ্মীপাশা ইউনিয়নের ধামড়ীর হাওরে সেচপাম্পের উদ্বোধন, নতুন পদ্ধতিতে সমলয় চাষাবাদ পরিদর্শন, কৃষকদের মধ্যে সার বিতরণ ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
