BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৯
আজকের সর্বশেষ সবখবর

কেপ ভার্দেকে হারিয়ে ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা


জুলাই ৪, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ গোলের দারুণ এক লড়াইয়ে শেষ পর্যন্ত কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচে একাধিকবার পাল্টেছে পরিস্থিতি। কেপ ভার্দে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করলেও শেষ হাসি হেসেছে আকাশি-সাদা জার্সিধারীরাই।

ম্যাচের ৩০তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেজের দারুণ লংবল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বিশ্বকাপে এটি ছিল মেসির ২০তম গোল। এই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে সমতায় ফেরে কেপ ভার্দে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন দোরি দুয়ার্তে। এরপর উভয় দলই একাধিক সুযোগ তৈরি করে। তবে মেসির দুটি ফ্রি-কিক ও একটি জোরালো শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির নেওয়া কর্নার থেকে ফিরতি বলে গোল করেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে।

রুদ্ধশ্বাস লড়াইয়ের নিষ্পত্তি হয় ১১১তম মিনিটে। মেসির কর্নার থেকে হেডে জয়সূচক গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো। এরপর কাবরালের নেওয়া আরেকটি বিপজ্জনক ফ্রি-কিক দারুণভাবে প্রতিহত করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। শেষ পর্যন্ত ৩-২ গোলের এই নাটকীয় জয় ধরে রেখে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।