BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৬
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় নকল পিস্তল ও গুলিসহ কারবারি গ্রেফতার


অক্টোবর ১৪, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের জাল নোট, ৮ রাউন্ড গুলিসহ ৫টি নকল বিদেশি পিস্তলসহ মোক্তাদির আলী ওরফে রিপন (৩৪) নামে এক জাল টাকা ও নকল পিস্তল কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার সম্মান এলাকায় মোক্তাদিরের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং সদর কোম্পানি, সিলেট এর একটি যৌথ আভিযানিক দল আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে উক্ত ব্যক্তির বসত ঘরের ওয়ারড্রব থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের দেশি এবং প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি নোটসহ সর্বমোট প্রায় ১ কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও উক্ত বাসা থেকে আসল সদৃশ ৫টি নকল বিদেশি পিস্তল এবং ৮ রাউন্ড নকল গুলি উদ্ধারসহ মোক্তাদির আলী ওরফে রিপনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানায় যে, সে বিগত তিন মাস যাবত বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারণের কাছে বিক্রয় করে আসছে। প্রাথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করলেও বেশিরভাগ ক্ষেত্রে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ অনলাইনে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিতো। এভাবে প্রতারণার মাধ্যমে সে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো বলে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য মতে নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাবের কর্মকর্তা আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আসন্ন নির্বাচনে সিলেট বিভাগীয় সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব-৯ এর সর্বোচ্চ প্রচেষ্টা ও বিশেষ অভিযান চলমান রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২২টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।