বগুড়ায় ইসলামী আন্দোলন আয়োজিত জনসভায় সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের শহীদ খোকন পার্কে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, আজ বাংলাদেশের রাজনীতি গভীর সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, ন্যায়বিচার অনুপস্থিত, আর রাষ্ট্র যন্ত্রকে দলীয়করণের মাধ্যমে একদলীয় কর্তৃত্ববাদ চাপিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংবিধানসম্মত পথ হচ্ছে-জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন আয়োজন করা। এজন্য পি.আর পদ্ধতি চালু করা ছাড়া বিকল্প নেই।
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই- রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। সংসদীয় ব্যবস্থা শক্তিশালী, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। জনগণের সম্পদ বিদেশে পাচারকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এটি ছিল রাজনৈতিক সংস্কারের জন্য জনগণের সঙ্গে করা একটি প্রতিশ্রুতি। কিন্তু আজ পর্যন্ত সেটি কার্যকর করা হয়নি। তাই আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানাচ্ছি।
জনসভায় জেলা সভাপতি, আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আল্লামা আব্দুল হক আজাদ।
সংগঠনের জেলা সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় আরো বক্তব্য দেন আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলার সভাপতি-মাওলানা আব্দুল মতিন, সহ-সভাপতি-অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, জয়েন্ট সেক্রেটারী- অধ্যাপক মুফতী এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্য্যাপক জিয়াউর রহমান জিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি-ফরহাদ হোসেন মন্টু, ইসলামী ছাত্র আন্দোলন এর সভাপতি ছাত্র নেতা নাঈম হাসান প্রমুখ।
