BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আ হ ত ২৮, নি খোঁ জ ২


আগস্ট ২, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন। এ ছাড়া দুই যাত্রী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ছাড়া বাকি ২১ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং থেকে ছেড়ে আসা গেইটলক পরিবহনের একটি বাস (সিলেট মেট্রো-ব-১১-০০০৩) ৩২ জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। রাত ৭টা ৪০ মিনিটে ফেরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসের দুই যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার পরপরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা নিখোঁজ দুই যাত্রীর সন্ধানে কাজ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।