BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৮
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারের দুর্বলতা দেখতে চাই না : সারজিস


জুন ২৪, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক :  ‘অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘মৌলিক সংস্কার ও খুনিদের বিচারের বিষয়ে কোনো ছাড় নেই। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রেও আপস নেই। সব মিলিয়ে সরকারকে দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার ভবনে জাতীয় যুব শক্তি পঞ্চগড়ের সমন্বয়সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘প্রথম সারির ৭টি দলের মধ্যে ৬টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐকমত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায় তবে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি, একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাব। জুলাই ঘোষণাপত্র পাব। মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাব এবং দৃশ্যমান বিচার দেখতে পাব।’

তিনি বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে চাঁদাবাজির জন্য ব্যবহার করেছে। ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করেছে।

মাদকের সিন্ডিকেটের জন্য ব্যবহার করেছে। নিরপরাধ মানুষকে নির্যাতন করার জন্য ব্যবহার করেছে। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির জন্য ব্যবহার করেছে। নতুন বাংলাদেশে কিছু কিছু সংগঠন একই কাজ করার চেষ্টা করছে। আমরা মনে করি, নতুন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ আমাদের শত্রু নয়।

আমরা তাদের প্রতিযোগী মনে করি। তবে কেউ যদি আবারো অপকর্ম করে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।’
সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্পষ্ট বলি জনগণের অভ্যুত্থান-পরবর্তী যে আকাঙ্ক্ষা তা পূরণ হয়নি বলে এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হয়েছে। জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছে। যাদের ধান্দাবাজির ইচ্ছে নেই তারাই যুব শক্তিতে আসবে। বর্তমানে যেসব রাজনৈতিক দল সক্রিয় রয়েছে কেউ আমাদের প্রতিপক্ষ নয়। তবে কেউ যদি অপকর্মে জড়ায় তবে তারা আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। কারণ তারা যদি চাঁদাবাজি করে তার আর অন্য কোনো পরিচয় থাকে না। তার পক্ষে দল দাঁড়ায় তারাও চাঁদাবাজ। তাই যারা অপকর্ম চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয় তাদের জাতীয় যুব শক্তিতে আসতে পারবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন, সংগঠক ওয়াশীশ আলমসহ এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।