BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬
আজকের সর্বশেষ সবখবর

কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে আইনি নোটিশ


মে ২৪, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর নামের এক নেতার পক্ষে এই নোটিশ পাঠান পটুয়াখালীর কলাপাড়ার আইনজীবী জেড এম কাওসার।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশ দাতা দীর্ঘদিন ধরে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রজপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি অপহৃত হন। এই ঘটনা নিয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অপহরণের ঘটনার পর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কিছু দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে রবিউল আউয়াল অন্তর একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন। এর প্রেক্ষিতে কুয়াকাটা মাল্টিমিডিয়া ‘রেষা রেষি’ নামক একটি নাটকে ২ মিনিটের একটি খণ্ডচিত্রের মাধ্যমে তার চরিত্র হননের অপচেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে বিষয়টি সাদ্দাম মাল জানান, তারা কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে টার্গেট করে গল্প তৈরি করেন না। নাটকের গল্প থাকে কাল্পনিক, কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য কাউকে ইস্যু করে কিছু করেন না। তাদের অভিনয়গুলো যদি কারো জীবনের সঙ্গে মিলে যায়, কেউ যদি মনে করে সে অপরাধী তাহলে তারতো ভালো হয়ে যাওয়া উচিত। নাটকে সমাজের নানা অসংগতি তুলে ধরা হয়।

লিগ্যাল নোটিশে ২ মিনিটের ওই অংশকে আপত্তিকর বলে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, এ কারণে নোটিশ দাতার মানহানিসহ ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতি হয়েছে। অভিযোগপত্রে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে সাদ্দাম ছাড়াও একটি ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করে হয়েছে। তবে কুয়াকাটা মাল্টিমিডিয়া নামের ওই ইউটিউব চ্যানেলের পরিচালক জানিয়েছেন, সাদ্দাম মাল কুয়াকাটা ইউটিউব চ্যানেলের কেউ না। এছাড়া ‘রেষা রেষি’নাটকটিও কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়নি বলে জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।