বিডিসিলেট ডেস্ক : রাজধানীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখল ঘিরে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় সরকারের সঙ্গে বৈঠকের পর মাঠ ছেড়েছে উভয়পক্ষ। বর্তমানে ইজতেমা মাঠে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমার ময়দান দখল নিয়ে সংঘর্ষে জড়ায় মাওলানা সাদ ও জুবায়েরপন্থিরা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন।
পরবর্তীতে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ ডিসেম্বর) বেলা দুইটা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইজতেমা মাঠসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল-সমাবেশ করতে পারবেন না। কোনো ধরনের অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না।
এতে বলা হয়, কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। সেই সঙ্গে জমায়েত, মিছিল কিংবা সমাবেশ করা যাবে না। কারও কাছে অস্ত্র পাওয়া গেলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।
