BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২২
আজকের সর্বশেষ সবখবর

আবার নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন বাবর আজম


অক্টোবর ২, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন বাবর আজম। টুইটারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার।

বাবর লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, আপনাদের একটা খবর জানাতে এসেছি। আমি পাকিস্তানের সাদা বলের ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করছি। এটি গত মাসে পিসিবি ও টিম ম্যানেজমেন্টকে পাঠানো আমার নোটিশ থেকেই কার্যকর হচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘পাকিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারা সম্মানের। কিন্তু আমার মনে হয়েছে, দায়িত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দেবার এটাই সময়। নেতৃত্ব অবশ্যই দারুণ এক অভিজ্ঞতা কিন্তু এটা চাপেরও। আমি ব্যাটিংকে গুরুত্ব দিতে চাই, উপভোগ করতে চাই।’

ভারতে গত বছরের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি বাবর আজমের পাকিস্তান। যে কারণে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শাহিন শাহ আফ্রিদিকে দেওয়া হয় নেতৃত্বভার। কিন্তু তিন মাস পরেই পুনারয় দায়িত্ব দেওয়া হয় বাবরকে। তার অধীনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় পাকিস্তান। যে কারণে বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছিল।

সম্প্রতি টেস্ট সিরিজে বাংলাদেশ দলের কাছে ২-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। এরপর টেস্ট, ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কত্ব নিয়ে পিসিবি নতুন করে ভাবতে শুরু করে। সংবাদ মাধ্যমের মতে, শান মাসুদকে টেস্ট দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। ওয়ানডে ও টি-২০’র নেতৃত্বভার দেওয়া হতে পারে মোহাম্মদ রিজওয়ানকে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।