BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩১
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ৩ ফেব্রুয়ারি ব্যারিস্টার সুমনের ‘তারুণ্যের সমাবেশ’


জানুয়ারি ২৩, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাট প্রতিনিধি : দেশে নানাভাবে উদ্যোক্তা হয়ে ওঠা আলোচিত ব্যক্তিদের নিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ‘তারুণ্যের সমাবেশ’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আগামী ৩ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার ডিসিপি স্কুলমাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. রুহেল মিয়া।

রুহেল মিয়া বলেন, অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের উদ্দেশে বক্তব্য দেবেন। অন্যদের মধ্যে আরও উপস্থিত থাকার কথা রয়েছে- নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, গায়ক তাসরিফ খান, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, জনপ্রিয় ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজের।

মো. রুহেল মিয়া বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার নির্বাচনি এলাকার তরুণ প্রজন্মকে উদ্যোক্তা করে তোলার উদ্দেশে ‘তারুণ্যের সমাবেশ’ শিরোনামে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছেন। দিনব্যাপী আয়োজনে উদ্বুদ্ধকরণ বক্তব্যের পাশাপাশি থাকবে সঙ্গীতানুষ্ঠানও।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আয়োজিত প্রথম অনুষ্ঠান। এতে সংসদ সদস্যের নির্বাচনি এলাকাসহ অন্য এলাকা থেকেও প্রচার মানুষের সমাগম ঘটবে বলেও জানান তিনি।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানকে ঘিরে দাপ্তরিক কোনো চিঠি এখনো পাইনি। তবে, নিরাপত্তা জোরদার করতে আমরা সবধরনের প্রস্তুতি নিচ্ছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।