BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

মানুষের ভাগ্য কতটা পরিবর্তন সম্ভব দেখাতে চান ব্যারিস্টার সুমন


জানুয়ারি ১১, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে সেটা দেখাতে চান হবিগঞ্জ ৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথমে একটা পুরান নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে কাজ। তারপর অন্যান্য পরিবর্তনগুলো আমি সামাধান করব।

আমার পুরো সময়টাই (৫ বছর) চমকের উপর থাকবে। এটা আমি দেখাব যে একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে।’

ফুটবল প্রসঙ্গে এ নতুন সংসদ সদস্য বলেন, ‘আমার চুনারুঘাট মাধবপুর এলাকায় ছোট ছোট প্রায় একশ ফুটবল মাঠ বানাতে চাই। ফুটবল খেলাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই। কারণ, বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারবেন না। এজন্য ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাফুফেকে যতটুকু প্রেসারে রাখা যায় ততটুকুই প্রেসারে রাখতে চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ব্যারিস্টার সুমন আরো বলেন, ‘গতকাল এমপি হিসেবে শপথ গ্রহণ করে আজকে সকালে চলে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে শ্রদ্ধা জানাতে। কারণ বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে নিজেকে সবসময় দাবি করে বলি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এজন্য উনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই।’

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

নির্বাচনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে হারিয়ে নির্বাচিত হন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।