BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২২
আজকের সর্বশেষ সবখবর

আমাদের গণমাধ্যম স্বাধীন ও অবাধে কাজ করছে: তথ্যমন্ত্রী


সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অন্য কোনো দেশের আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা সমীচীন নয়। আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে, অবাধে কাজ করছে।’

সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে বঙ্গবন্ধুর কিশোর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দুঃসাহসী খোকা’ এর প্রিমিয়ার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত গত ২৪ মে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে। সম্প্রতি এ নীতি কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা। তারই পরিপ্রেক্ষিতে গত রোববার ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস জানান, ভিসা নীতির আওতা থেকে গণমাধ্যমও মুক্ত নয়।

ড. হাছান বলেন, ‘গণমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগের কথা শুনে আমি অবাক হয়েছি। আমি মনে করি, কারো অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সমীচীন নয়। অন্য কোনো দেশের আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টাও সমীচীন নয়।’

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৈশোরভিত্তিক চলচ্চিত্র ‘দুঃসাহসী খোকা’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘সিনেমাটি আমাদের নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে এবং সবাইকে বঙ্গবন্ধুর কিশোর বেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে।’

বঙ্গবন্ধুর শৈশব থেকে কিশোর বয়সের কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কিভাবে একজন দুরন্ত কিশোর রাজনীতি সচেতন হলেন, একই সঙ্গে প্রতিবাদী ও মানবিক কিশোর হলেন, তিনি কেমন জনদরদী ছিলেন, এ বিষয়গুলো এখানে চিত্রায়িত হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সিনেমা হচ্ছে, কিন্তু আমার জানামতে তাঁর শৈশব থেকে কৈশোর নিয়ে এটিই প্রথম সিনেমা।

সিনেমাটির পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটরস গিল্ড সভাপতি আবু মুসা দেবু, অভিনয়শিল্পী রিয়াজ, মনোজ সেনগুপ্ত, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জসীম উদ্দিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নসরুল্লা ইরফান এ সময় উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত সিনেমাটি আগামী ২৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।