BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী সিটি নির্বাচন: বড় ব্যবধানে জয়ী নৌকার প্রার্থী লিটন


জুন ২১, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ১৫৫টি কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীকের প্রার্থী লিটন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।

মেয়র পদে অন্য দুই প্রার্থী জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপ) ১১ হাজার ৭১৩ ভোট এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ১০ হাজার ২৭২ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পর রাজশাহী সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এই সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।

নির্বাচনে মোট ১৫৫টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয় ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। ঢাকায় বসে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনের সদস্যরা।

ভোটগ্রহণ শেষে বুধবার বিকেলে সিইসি কাজী হাবিবুল আউয়াল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট হয়েছে।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৫২ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে বলেও এ সময় উল্লেখ করেন সিইসি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।