স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন পেসার এবাদত হোসেন। বাদ পড়া আফিফ হোসেনকে ফেরানো হয়েছে পঞ্চাশ ওভারের ক্রিকেটে। এবার আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজেও জায়গা ফিরেছেন আফিফ ও এবাদত।
চট্টগ্রামে ৫ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ওই সিরিজ শেষে সিলেটে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ। সর্বশেষ টি-২০ সিরিজের দলে থাকা উইকেটরক্ষক জাকের আলী দল থেকে জায়গা হারিয়েছেন।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘আমরা পাঁচ পেসার নিয়েছি। যাতে পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যায়। সেজন্যই এবাদতকে নেওয়া। তাকে টি-২০ দলে নিলে প্রক্রিয়ার মধ্যে থাকবে বলেও মনে হয়েছে। এবাদত সংক্ষিপ্ত সংস্করণেও কার্যকরী।’
জাকের আলীর বিষয়ে নান্নু জানিয়েছেন, তারা প্রতি সিরিজেই দু’একজনকে দলে নেন। যাতে করে তাদের দু-একটা ম্যাচ খেলানো যায়, ড্রেসিংরুমের সঙ্গে মানিয়ে নেওয়া, কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার বিষয়টি তাদের মধ্যে গড়ে ওঠে। জাকের তারই অংশ ছিল।
বাংলাদেশের টি-২০ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, আফিফ হোসেন।
