BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৮
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বিয়ের গেট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩০


জুন ৬, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের গেট বানানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধসহ ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- দিলাওর হোসেন (৪৩), শামীম আহমদ (৩২), আকিনুর রহমান (৩০), দিদার আহমদ (২৬), রহিমা খাতুন (৪০), সাজু আহমদ (২৮), আব্দুল হাদী (৫৫), মাহের আহমদ (২৭), রাহিম চৌধুরী (২৮), শাহানুর মিয়া (৩০), ইমরান আহমদ (২৫), সোহেল আহমেদ (২৭) সেকুল মিয়া (২৯), তুহিন আহমেদ (২৪), হান্নান মিয়া (২৬), শরীফ আহমদ (২৫), সাইফুল মিয়া (৩১), গেদা মিয়া (৪০), আকবর আলী (৪৫) ও রুহুউল্লাহ (৪৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী শুক্রবার এলাকার গেদা মিয়া চৌধুরী ছেলে রাহিম চৌধুরীর বিয়ে উপলক্ষে রাস্তার ওপর গেট বানানো হয়। গেটটি জাকির হোসেনের বাড়ির সামনে নির্মাণ করা হয়েছে দাবি করে তার ভাগনে তুহিন আহমেদের নেতৃত্বে ৮-১০ জন যুবক গেট ভাঙচুর করে। এ সময় রাহিম চৌধুরীর লোকজন ঘটনাস্থলে গেলে তুহিন, কয়েস, শরীফদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন গুলি ছোড়ে। এতে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধসহ ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।