BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৮
আজকের সর্বশেষ সবখবর

কানাডায় উৎসবমুখর পরিবেশে চলছে শারদীয় দুর্গোৎসব


অক্টোবর ৩, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কানাডার বিভিন্ন প্রদেশে চলছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখরিত কমিউনিটি হলের পূজামণ্ডপগুলো। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বজনীন এই উৎসবে যোগ দিচ্ছেন বিদেশিরাও।

এ বছর বাংলাদেশে পূজা শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। শেষ হবে আগামী ৫ অক্টোবর। এদিকে কানাডার ক্যালগেরির ‘আমরা সবাই’ আগামী ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চেষ্টারমেয়ার রিক্রিয়েশন সেন্টারে দুর্গোৎসব উদযাপন করবে। একই সময়ে নর্থ ইস্টের জেনেসিস সেন্টারে দুর্গোৎসব করবে বঙ্গীয় পরিষদ।

টানা দুই বছর পর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে এবারের শারদীয় উৎসব। আলোর উজ্জ্বলতায় সাজানো হয়েছে পূজামণ্ডপগুলো। কানাডার দুর্গোৎসবের এবারের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।

বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির সভাপতি প্রনব দাস বলেন, দুর্গতি বিনাশের জন্য তার আবির্ভাব। তাই দেবীর নামকরণ ‘দুর্গা’। আমরা বিশ্বাস করি দেবী সর্বত্র আছেন। মঙ্গলের বার্তা দিয়ে তিনি পৃথিবীকে শান্তিময় করে তুলবেন।

ক্যালগেরির ‘আমরা সবাই’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত বলেন, আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে। আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠবে। সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এমনটাই আমাদের প্রত্যাশা।

ক্যালগেরির বঙ্গীয় পরিষদের সভাপতি জয়দীপ স্যানাল জানান, দেবী সব সংকট নাশ করে, ধরাতে অশান্তি দূর করে, সুখ-শান্তি বিরাজমান রাখবেন। নতুন আলোয় উদ্ভাসিত করবেন আমাদের জীবন- এমনটাই আশা রাখি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।